উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকার চিন্থিত চাঁদাবাজ ও কথিত ছাত্রদল নেতা রুবেল হোসেনের দখলকৃত শিবু মার্কেটস্থ রানী মা প্লাজার নিচতলার একটি অফিসে ডেকে নিয়ে এক সিএনজি চালককে মারধর, গলাটিপে হত্যার চেষ্টা এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগী মো. জুলহাস বাদী হয়ে রুবেল হোসেন, জাহাঙ্গীর, সুমন, মাসুদ ওরফে টুন্ডা মাসুদ ও শান্তর নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।লিখিত অভিযোগে জুলহাস দাবি করেন, তিনি পরিবার নিয়ে সস্তাপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন এবং পেশায় একজন সিএনজি চালক। প্রায় ৫/৬ মাস আগে পূর্বপরিচিত অপর সিএনজি চালক জাহাঙ্গীরকে ১০ হাজার টাকা ধার দেন। নির্ধারিত সময়ে টাকা ফেরত না দেওয়ায় গত শুক্রবার বিকেলে শিবু মার্কেট বাসস্ট্যান্ড এলাকায় জাহাঙ্গীরের কাছে পাওনা টাকা চাইলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান এবং তাকে চড়-থাপ্পড় মারার পাশাপাশি এলাকায় থাকতে না দেওয়ার হুমকি দেন।অভিযোগে আরও বলা হয়, রোববার সন্ধ্যা ৬টার দিকে অভিযুক্তদের কয়েকজন জুলহাসের ভাড়া বাসায় গিয়ে তাকে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে সঙ্গে যেতে বলেন। তিনি যেতে অস্বীকৃতি জানালে শান্ত ও টুন্ডা মাসুদসহ কয়েকজন তাকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে শিবু মার্কেটের রানী মা প্লাজার নিচতলায় রুবেলের অফিসে নিয়ে যান।জুলহাসের অভিযোগ, সেখানে তাকে আটকে রেখে মারধর করা হয়। একপর্যায়ে কথিত ছাত্রদল নেতা রুবেল হোসেন আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে পুনরায় টাকা চাইলে গুলি করে হত্যার পর লাশ গুম করার হুমকি দেন। পরে তাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভবিষ্যতে আর পাওনা টাকা দাবি করবেন না—এমন কথা বলার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি করেন জুলহাস।পরে স্থানীয়দের সহায়তায় তিনি নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এদিকে, থানায় অভিযোগ দায়েরের বিষয়টি জানতে পেরে অভিযোগ প্রত্যাহারের জন্য বাদীর বাসায় লোক পাঠিয়ে তাকে পুনরায় ডেকে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে একাধিক সূত্রে জানা যায়।