উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া নিয়ে চলমান বিরোধের অবসান হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ যাত্রীদের ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের ৩৪ টাকা ভাড়া দিতে হবে। শিক্ষার্থীদের হাফ পাস সুবিধা দিন-রাত ২৪ ঘণ্টাই প্রযোজ্য হবে।বুধবার (৭ অক্টোবর) প্রশাসনের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আন্দোলনরত শিক্ষার্থী ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের নিচতলায় সংবাদ সম্মেলনে নতুন ভাড়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের আলোচনার ভিত্তিতে সাধারণ যাত্রীর ভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী সময়ে ভাড়া পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত এ হারেই যাত্রী পরিবহন করা হবে।তিনি বলেন, শিক্ষার্থীদের হাফ পাসের ক্ষেত্রে কোনো সময়সীমা রাখা হয়নি। ফলে তারা ২৪ ঘণ্টাই ৩৪ টাকা ভাড়ায় যাতায়াত করতে পারবেন।পরিবহন মালিকদের পক্ষ থেকে সিটি বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সরকারি নির্দেশনা ও যাত্রীদের স্বার্থ বিবেচনায় নিয়ে নির্ধারিত ভাড়া মেনে নেওয়া হয়েছে। একই সঙ্গে ফ্লাইওভারের টোল পুনর্নির্ধারণের বিষয়টি প্রশাসন বিবেচনা করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।ভাড়া নিয়ে বিরোধের বিষয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, আলোচনার মাধ্যমে সমাধানে আসা ইতিবাচক। এর মাধ্যমে পরিবহন খাতে নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং চাঁদাবাজি ও অনিয়ম বন্ধের পথ তৈরি হতে পারে।গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম বলেন, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের দাবির ভিত্তিতেই আন্দোলন হয়েছে। আলোচনার মাধ্যমে সাধারণ যাত্রীর ভাড়া দুই টাকা এবং শিক্ষার্থীদের ভাড়া ছয় টাকা কমানো সম্ভব হয়েছে।এনসিপির নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক শওকত আলী বলেন, বিরোধপূর্ণ একটি বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলো মুখোমুখি বসে সমাধানে পৌঁছেছে। রাজনৈতিক ও সামাজিকভাবে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ।জানা যায়, জ্বালানি তেলের দাম বাড়ার পর গত ২০ সেপ্টেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনে সাধারণ যাত্রীর কাছ থেকে ৬০ টাকা ভাড়া নেওয়া হচ্ছিল। শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫ থেকে ৪০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগও ওঠে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দিলে সাতটি ছাত্র সংগঠনের সমন্বয়ে ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’ আন্দোলনে নামে।ভাড়া কমানোর দাবিতে কয়েক দফা কর্মসূচি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা হয়। শিক্ষার্থীরা সাধারণ যাত্রীদের জন্য ৫৮ টাকা এবং কোনো শর্ত ছাড়াই ৩৪ টাকা হাফ পাস চালুর দাবি জানিয়ে আসছিলেন। বুধবারের বৈঠকে সেই দাবির ভিত্তিতেই নতুন ভাড়া নির্ধারণ করা হয়। বৈঠক শেষে শিক্ষার্থী প্রতিনিধিরা সিদ্ধান্তকে স্বাগত জানান। সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবসহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও বাস মালিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।