উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
রাজনীতিতে ক্ষমতা, প্রভাব-প্রতিপত্তি আর অর্থের পেছনে যখন অনেক নেতাকর্মীর ছুটে চলার অভিযোগ রয়েছে, তখন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজিব। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিত করতে সরকারি তোলারাম কলেজের শেরেবাংলা ছাত্রাবাসের ভিতরে এবং পাশ্ববর্তী জায়গাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে প্রশংসা কুড়াচ্ছেন তিনি।শুক্রবার (৯ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনে শেরেবাংলা ছাত্রাবাসের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে নিজের কর্মী ও অনুসারীদের নিয়ে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন রাজিব। ছাত্রাবাসের ভিতরে এবং পাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে অংশ নেন তাঁরা। এ উদ্যোগের ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন রাজিব। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এ কর্মকাণ্ডের প্রশংসা করে মন্তব্য করেন অনেকে।ভিডিওতে রাজিবকে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্দেশ্য ব্যাখ্যা করতে দেখা যায়। তিনি বলেন, শুক্রবার শেরেবাংলা হলের শিক্ষার্থীদের নিয়ে হলের ভিতরে এবং পাশ্ববর্তী যেসব স্থানে ময়লা-আবর্জনা জমে থাকে, সেসব জায়গা পরিষ্কার করা হচ্ছে। অপরিচ্ছন্ন এসব স্থানে মশার বংশবিস্তার ও ডেঙ্গুর ঝুঁকি তৈরি হতে পারে। ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা, ডেঙ্গুমুক্ত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং চারপাশে সুন্দর পরিবেশ বজায় রাখতেই তাঁদের এ উদ্যোগ।শিক্ষার্থীদের আবাসস্থলের আশপাশ পরিষ্কার রাখার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। তাঁদের মতে, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ রক্ষায় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এ ধরনের সামাজিক কর্মকাণ্ড অন্যদেরও উৎসাহিত করতে পারে।জানা গেছে, পরিচ্ছন্নতা কার্যক্রমই রাজিবের প্রথম সামাজিক উদ্যোগ নয়। এর আগেও তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। ফলে তাঁর এ উদ্যোগকে সামাজিক দায়িত্ববোধের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের অনেকে।অন্যদিকে, স্থানীয় রাজনীতিতে কিছু নেতাকর্মীর বিরুদ্ধে ঝুট ব্যবসাসহ বিভিন্ন অর্থনৈতিক খাতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে। এমন প্রেক্ষাপটে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় রাজিবের এ উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে ভিন্ন এক বার্তা দিচ্ছে।রানীতিতে পদ-পদবি কিংবা প্রভাব-প্রতিপত্তি অর্জনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনও যে গুরুত্বপূর্ণ, শেরেবাংলা ছাত্রাবাস এলাকায় রাজিবের পরিচ্ছন্নতা কার্যক্রম সেই বিষয়টিই সামনে এনেছে। এ ধরনের উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বাড়ানোর পাশাপাশি অন্য নেতাকর্মীদেরও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করতে পারে।