উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবদল নেতা মো. আনোয়ার হোসেন ওরফে আনুর (৫০) মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রাসেল মাহমুদসহ এজাহারনামীয় আট আসামিকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে মামলাটিকে ‘তথ্যগত ভুল’ উল্লেখ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে সংস্থাটি। তদন্ত প্রতিবেদনে আনোয়ার হোসেনের মৃত্যুকে হত্যাকাণ্ড নয়, বরং দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছে।পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ২৬ আগস্ট ভোরে নিজ ফ্ল্যাট থেকে বের হওয়ার পর নির্মাণাধীন হেলেনা কটেজ ভবনের নবম তলার একটি অনিরাপদ ও ফাঁকা লিফটের জায়গা দিয়ে নিচে পড়ে যান আনোয়ার হোসেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে তদন্তে উঠে এসেছে।মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুল বাতেন মিয়া। তিনি তদন্তে পাওয়া তথ্য, সাক্ষীদের বক্তব্য, ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।প্রতিবেদনে বলা হয়, আনোয়ার হোসেনের মৃত্যুর পর তাঁর বড় ভাই ও মামলার বাদী হাজী আবুল কাশেম বাদশা মানসিকভাবে ভেঙে পড়েন। ভাইয়ের মরদেহে আঘাতের চিহ্ন দেখে হত্যার ধারণা থেকে তিনি ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। তবে তদন্তে মৃত্যুর পেছনে হত্যাকাণ্ডের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে পিবিআই।মামলায় অব্যাহতির আবেদন করা আট আসামি হলেন—রাসেল মাহমুদ (৩৪), পাপিয়া আক্তার পান্না (৪১), জান্নাত আরা জাহান প্রেরণা (২৩), সারিদ হোসেন (২২), নূর আলম ওরফে মোহাম্মদ নুরুল আলম (৪৭), কাজল (৩৪), রোকসানা আক্তার ওরফে পুতুল (৪৭) এবং গোল মোহাম্মদ (৬১)।পিবিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। পিবিআই সদর দপ্তরের অনুমোদন সাপেক্ষে আদালতে এ চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।তবে আসামিদের অব্যাহতির বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি এখনো পৃথক। পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের অর্থ এই নয় যে, আদালত ইতোমধ্যে আসামিদের অব্যাহতি দিয়েছেন।