উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই আইনজীবীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার আইনজীবী জিয়াউল ইসলাম কাজলের ছোট ভাই ও নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নার এক দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ আদেশ দেন।কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, গ্রেপ্তার দুই আইনজীবীকে পাঁচ কার্যদিবসের মধ্যে মোট চার দিন কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। অন্যদিকে, আতিকুল ইসলাম মুন্নাকে থানায় নিয়ে এক দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।মামলার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সিদ্ধিরগঞ্জে গণঅভ্যুত্থানের সময় রিকশাচালক তুহিন হত্যা মামলায় আদালতে হাজির হয়ে পুনরায় জামিন পান সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। আদালতের কার্যক্রম শেষে প্রাঙ্গণ ত্যাগের আগে তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় তাঁর সঙ্গে থাকা সমর্থকদেরও একই স্লোগান দিতে দেখা যায়।এর পরদিন বুধবার (১৪ অক্টোবর) ভোরে আইভীর দুই আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল ও অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার এবং কাজলের ছোট ভাই নাট্যকর্মী আতিকুল ইসলাম মুন্নাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ওই মামলাতেই বৃহস্পতিবার তাঁদের জিজ্ঞাসাবাদ ও রিমান্ডের বিষয়ে আদেশ দেন আদালত।