উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রকাশ্যে গুলি করে আলোচিত সন্ত্রাসী সাহেব আলীকে হত্যার ঘটনায় সিসিটিভি ফুটেজে শনাক্ত প্রধান অভিযুক্ত মো. রনিকে (৩২) গ্রেপ্তার করেছে এসআরবি-১১ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল। গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করা হয়। পরে একই দিন সন্ধ্যা ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় তাঁর নিজ বাসায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।সংশ্লিষ্ট বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ অক্টোবর বিকেল পৌনে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকার ইত্তেহাদ টাওয়ারের সামনে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সশস্ত্র হামলাকারীরা তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে।ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় রনিকে সরাসরি গুলি ছুড়তে দেখা গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী। গুলিবিদ্ধ হয়ে সাহেব আলী সড়কের পাশের একটি খালে পড়ে গেলে হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে আরও কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় সাহেব আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানসংশ্লিষ্ট বাহিনী জানায়, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। পরে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে রনির অবস্থান শনাক্ত করা হয়। এর ভিত্তিতে এসআরবি-১১ ও এসআরবি-৮-এর যৌথ দল শরীয়তপুরের ভেদরগঞ্জে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে সংশ্লিষ্ট বাহিনী। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।আরও এক আসামি গ্রেপ্তারসংশ্লিষ্ট বাহিনীর তথ্য অনুযায়ী, এ হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি সাব্বিরকে গত ১৩ অক্টোবর গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য পলাতক অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।গ্রেপ্তার রনিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট বাহিনী।