উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
রাজধানীর শনির আখড়া এলাকায় বন্ধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক ৭টার দিকে শনির আখড়া তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত চালকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তেল পাম্প থেকে গ্যাস নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি মহাসড়কে ওঠার পর ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা নারায়ণগঞ্জগামী বন্ধন পরিবহনের একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই প্রাণ হারান।দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক করা হয়েছে। বাসের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি এ ঘটনায় সড়ক দুর্ঘটনার মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।