উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যা মামলায়নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফকে গ্রেপ্তারের পর দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে হেফাজতে অবৈধ অস্ত্র থাকার তথ্য পায় পুলিশ। পরে তাঁর বসতবাড়ি থেকে পিস্তলটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম শরীফ (৩১) আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুরা এলাকার বাসিন্দা। তিনি আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি। গত ১০ অক্টোবর ২০২৬ তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ডে 'সি' সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মেহেদী ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রাকিবুল আলম তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁর হেফাজতে অবৈধ অস্ত্র থাকার তথ্য পাওয়া যায় বলে পুলিশ জানায়।এরপর আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গত ১৬ অক্টোবর ভোর ৪টা ৫৫ মিনিটে কৃষ্ণপুরা এলাকায় শরীফের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর দেখানো মতে, বসতঘরের উত্তর পাশের একটি সংকীর্ণ স্থানে পলিথিনে বিশেষভাবে লুকিয়ে রাখা একটি সিলভার রঙের বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির দুই পাশে কাঠের বাট এবং সঙ্গে একটি খালি ম্যাগাজিন ছিল বলে পুলিশ জানিয়েছে।উদ্ধার করা অস্ত্রটি জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। এ ঘটনায় শফিকুল ইসলাম শরীফের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলা দায়ের করে তাঁকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।তবে উদ্ধার হওয়া অস্ত্রটির উৎস, সেটি কোনো অপরাধে ব্যবহৃত হয়েছিল কি না এবং এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।