উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জের ঐতিহাসিক ৫ নম্বর ঘাট এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।পরিদর্শনকালে তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির।এ সময় তাঁরা বিসর্জনস্থলের সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। বিসর্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কমিটির নেতাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবার সম্মিলিত সহযোগিতায় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন সম্পন্ন করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।পরিদর্শন শেষে সংশ্লিষ্ট সূত্র জানায়, বিসর্জনস্থলে বিশেষ নিরাপত্তাব্যবস্থা, উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় আলোকসজ্জার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিমা বিসর্জন ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।