উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।সোমবার (১৯ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জ নগরীর মিশনপাড়া এলাকার রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।আইজিপি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় নাগরিকদেরও আইন মেনে চলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।অপরাধীদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনাদের নিজস্ব এলাকার খারাপ লোক পুলিশের চেয়ে আপনারাই ভালো চেনেন। আমাদের তথ্য দিন।”পুলিশ বাহিনীর পরিস্থিতি প্রসঙ্গে আইজিপি বলেন, জুলাই অভ্যুত্থানের ৫ আগস্টের পর পুলিশ সদস্যরা রাস্তায় দায়িত্ব পালন করতে ভয় পেতেন। সেই পরিস্থিতি থেকে পুলিশকে ঘুরে দাঁড় করানো হয়েছে। নাগরিকেরা যেন নিরাপদে বসবাস ও চলাচল করতে পারেন, সে লক্ষ্যে পুলিশের মনোবল, সক্ষমতা ও দক্ষতা বাড়ানোর কাজ চলছে।দুর্গোৎসবের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে কোনো হুমকি নেই। তবে কিছু দুষ্টু চক্র পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এসব অপচেষ্টা প্রতিরোধে সংশ্লিষ্টদের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনিআইজিপি বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে প্রতিমা বিসর্জনসহ দুর্গোৎসবের বাকি কার্যক্রম সম্পন্ন করা হবে।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জেলা সিআইডির পুলিশ সুপার মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার হাবিবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।