উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সারা নারায়ণগঞ্জ, ডেস্ক নিউজ ||
চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধে বিএনপি সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। জনগণের অধিকার রক্ষা করা না হলে সরকারের বিরুদ্ধে লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।সোমবার (২৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া বিজয় স্তম্ভে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় সংগঠনের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা উপস্থিত ছিলেন।জাবের বলেন, “চাঁদাবাজি, গুন্ডামি-মাস্তানি জুলাইয়ের আগে অনেক সহ্য করেছি। জুলাইয়ের পরে বিএনপিকে এগুলো সহ্য করার জন্য আমরা ক্ষমতায় নিয়ে আসিনি।”দেশে নতুন করে একটি গোষ্ঠী স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, আগে যে ব্যবসায়ীকে ১০০ টাকা চাঁদা দিতে হতো, এখন তাঁকে ৫০০ টাকা দিতে হচ্ছে। একইভাবে পোশাকশিল্পের একজন ব্যবসায়ীর চাঁদার পরিমাণ দুই লাখ টাকা থেকে বেড়ে ১০ লাখ টাকা হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে নির্দিষ্ট ঘটনা বা সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় তুলে ধরেননি জাবের।নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তাঁর অনুসারীদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জনগণের প্রতিনিধিত্ব না করে ক্ষমতার অপব্যবহার করলে একসময় জনগণের প্রতিরোধের মুখে পড়তে হয়।জুলাই স্মৃতি জাদুঘরের প্রসঙ্গ উল্লেখ করে জাবের বলেন, জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়া হলে একসময় জনগণই ক্ষমতা থেকে সরিয়ে দেয়।তিনি বলেন, ইনকিলাব মঞ্চ বিএনপি সরকারের পাঁচ বছর ক্ষমতায় থাকার বিরোধিতা করছে না। তবে অতীতের দমন-পীড়ন ও অধিকার হরণের পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা হলে তা মেনে নেওয়া হবে না। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের দাবিও জানান তিনি।জুলাই, শাপলা ও পিলখানার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে জাবের বলেন, শহীদ পরিবারের সদস্যরা এখনো ন্যায়বিচার পাননি। দীর্ঘ সময় পার হলেও বিচারপ্রক্রিয়ার অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে।তিনি আরও বলেন, জুলাইয়ের বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। ক্ষমতা পাঁচ বছরের জন্য, আজীবনের জন্য নয়—সরকারকে তা মনে রাখতে হবে। এ ছাড়া আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে ওসমান হাদি হত্যার বিচারে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তী সিদ্ধান্ত জনগণ নেবে বলে হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক।