সারা নারায়ণগঞ্জ

রাজনীতি

কুতুবপুরে জামায়াত নেতা দেলোয়ারের ওপর হামলার অভিযোগ।

নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রোকন মো. দেলোয়ার হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভ্যানচালকের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের এক লাখ টাকা হস্তান্তর নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জামায়াত নেতাকর্মীরা।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি নাককাটা এলাকায় ট্রাকচাপায় এক ভ্যানচালক নিহত হন। পরে শ্রমিক নেতা বাবুল মিয়ার উদ্যোগে এবং স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সহযোগিতায় ট্রাকমালিকের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকা আদায় করা হয়। নিহতের পরিবারের কাছে ওই টাকা হস্তান্তরের সময় উপস্থিত থাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয় বলে অভিযোগ রয়েছে।জামায়াত নেতাকর্মীদের দাবি, গত রাতে দেলোয়ার হোসেন ও নাঈম চৌধুরীসহ কয়েকজন ঘটনাস্থলে গেলে কাজল ও রাসেলের পক্ষের লোকজনের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে কাজল, রাসেল, সাকিব, আল আমিন ও নূরুসহ কয়েকজন দেলোয়ারের দোকানের সামনে জড়ো হন। দেলোয়ার দোকানে পৌঁছালে তাঁকে বাঁশ ও কাঠ দিয়ে মারধর করা হয়। এতে তাঁর কপাল, চোখের নিচে ও মাথায় আঘাত লাগে বলে অভিযোগ করা হয়েছে।তবে হামলার অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা আমিনুল ইসলাম কাজল বলেন, জামায়াত নেতারা মব সৃষ্টির উদ্দেশ্যে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। আগের দিনের ঘটনায় তাঁরা কেউ কোনো আর্থিক লেনদেনে জড়িত ছিলেন না এবং ক্ষতিপূরণের টাকা নিহত ভ্যানচালকের পরিবারের হাতেই বুঝিয়ে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় স্থানীয় জামায়াত নেতাকর্মীরা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। 

কুতুবপুরে জামায়াত নেতা দেলোয়ারের ওপর হামলার অভিযোগ।