সারা নারায়ণগঞ্জ

সোনারগাঁও

সোনারগাঁয়ে স্লিপার বাসে ২৩ হাজার ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কক্সবাজার থেকে ঢাকাগামী আলফা এক্সপ্রেসের একটি স্লিপার বাসে অভিযান চালিয়ে ২৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বাসের সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৬৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে উপজেলার পিরোজপুর দোয়েল বাস টার্মিনালে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যশোরের শার্শা থানার ভবেরবেড় এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে রাকিবুল হাসান (৩০), একই জেলার কোতোয়ালি থানার নিউমার্কেট বি-ব্লক এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে মো. আশিক (২৮) এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ব্রাহ্মণগাঁও এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে সাইফুল হোসেন (৩৮)।ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের সিটের ভেতরে বিশেষ কৌশলে পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। অভিযানকালে বাসের সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বাসটিও জব্দ করা হয়।জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানে ডিবির ‘ক’ জোনের এসআই মফিজুল ইসলামসহ অন্য সদস্যরা অংশ নেন। এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম বাদী হয়ে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। ইয়াবা চালানের মূল হোতাকে গ্রেপ্তারে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

সোনারগাঁয়ে স্লিপার বাসে ২৩ হাজার ইয়াবা উদ্ধার